দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় দিন শেষে ৬২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনও ১১৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে ৬ উইকেট।
দিনের প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এর মধ্যেই একটি উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেন বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামের ব্যাটের কানায় বল লাগিয়ে দেন হাসান মাহমুদ। বলটি চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে ফিরলে ভাঙে দক্ষিণ আফ্রিকার ৫ রানের উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারের চতুর্থ বলে জোবায়ের হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন হাসান। তবে জোরালো আবেদনের পরও আম্পায়ার নো বলের সংকেত দেন। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি নিশ্চিতভাবেই লেগ স্টাম্পে আঘাত করত। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান হামজা।
প্রথম উইকেট হারানোর পর বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় হতাশ করেন হামজা ও অ্যাকারম্যান। দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েন তারা। এর মধ্যে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও তুলে নেন অ্যাকারম্যান। মাত্র ১২৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ইনিংসে ছিল ১৪টি চার।
অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন হামজাও। তবে ১২৯ বলে ৮৩ রান করে মুমিনুল হকের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নিয়মিত চার বোলারের কেউই উইকেট এনে দিতে না পারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেন মুমিনুলের হাতে। বাঁহাতি স্পিনে নিজের প্রথম ওভারেই উইকেট এনে দেন এই পার্টটাইম বোলার। তাতে ভাঙে দক্ষিণ আফ্রিকার বড় জুটি।
এর আগে, ৫ রানে প্রথম উইকেট হারানোর পর রীতিমতো দেয়াল হয়ে দাঁড়ান হামজা ও অ্যাকারম্যান। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। চা-বিরতিতে অ্যাকারম্যান ৬৯ এবং হামজা ৪৮ রানে অপরাজিত ছিলেন। একপর্যায়ে দলীয় রানও শতক ছাড়িয়ে যায়। বাংলাদেশের চার বোলারকে ব্যবহার করেও তাদের জুটি ভাঙতে পারছিলেন না শান্ত।
ইনিংসের ১৬তম ওভারে ফিরতি বল ধরতে গিয়ে মাথায় আঘাত পান হাসান মাহমুদ। হাত ফসকে বল আঘাত করে তার কপালে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ওভার শেষ করেন। কিছুক্ষণ মাঠের বাইরে থাকলেও কয়েক ওভার পর আবার ফিরে আসেন।
দ্বিতীয় সেশনে উইকেট না পেলেও শেষ বিকেলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুমিনুলের বলে হামজা ফেরার পরও বড় ইনিংস খেলছিলেন অ্যাকারম্যান। হাসান মাহমুদের বলে হুক করতে গিয়ে বাউন্ডারি লাইনে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৬৪ বলে ১৫৭ রানের ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও একটি ছক্কায়।
এরপর একই দিনে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন হাসান। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন ম্যাথু ব্রিটজকে। ২ রান করে ফেরেন এই ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে লেগেই বল চলে গেছে লিটনের গ্লাভসে।
শেষ বিকেলে হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
এমএস/